শেখ জাহিদ, ঝালকাঠি
রাজনীতির মাঠে পদ-পদবি নয়, বরং দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই একজন নেতার প্রকৃত পরিচয় এমন বিশ্বাস থেকেই দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছেন ঝালকাঠির আব্দুর রাজ্জাক খান।
বর্তমানে তিনি ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা, দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকায় একাধিকবার হয়রানি ও হামলার শিকার হন আব্দুর রাজ্জাক খান। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যান তিনি।
স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবেও এলাকায় পরিচিতি রয়েছে তার। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। দলীয় পদ পাওয়ার পরও তার মধ্যে কোনো অহংকার তৈরি হয়নি বলেও মন্তব্য করেন অনেকে।
সম্প্রতি নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে আব্দুর রাজ্জাক খান বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাই আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা।
আমরা বিশ্বাস করি, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন,
“দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো অন্যায় বা অনিয়মকে আমরা কখনো প্রশ্রয় দেব না। যে-ই অন্যায় করুক না কেন, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন রাজনৈতিক কর্মীর নৈতিক দায়িত্ব। তারেক রহমান সবসময় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দেন। আমরা সেই নির্দেশনা মেনেই রাজনীতি করছি।
আব্দুর রাজ্জাক খান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতির জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে যখন রাজনীতিতে সুবিধাবাদিতা নিয়ে নানা আলোচনা রয়েছে, তখন আব্দুর রাজ্জাক খানের মতো ত্যাগী নেতাদের সক্রিয় উপস্থিতি তৃণমূল কর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে মনে করছেন তারা।
ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে আব্দুর রাজ্জাক খান এখন শুধু একজন সংগঠক নন, বরং দুঃসময়ে মাঠে থাকা এক নির্ভরযোগ্য কর্মীর নাম এমন মন্তব্যও করেছেন স্থানীয় নেতাকর্মীরা।