তাজমিনুল ইসলাম তরুণ ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর শ্রী অনিল চন্দ্র সিংহ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত অনিল চন্দ্র সিংহ দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। তিনি উলেন চন্দ্র (ডেকোরেশন)-এর বাবা। পরিবার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পাড়িয়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তাঁর নিখোঁজের সংবাদও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল।
অবশেষে নিখোঁজের তিন দিন পর বৃহস্পতি বার বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়ন ও ১নং পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী স্বাগতম এলাকার একটি ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি