নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বজন।
কর্মসূচির অংশ হিসেবে বাদাম, আমলকী, কদমসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. নেছার উদ্দিন (প্রচার সম্পাদক, ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন ছাত্রদল), ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. আহাদ তালুকদার, সহ-সভাপতি বেল্লাল মল্লিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত খান।
কর্মসূচি শেষে আমিনুল ইসলাম স্বজন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে তরুণদের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।”
ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. নেছার উদ্দিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অংশ হিসেবে আমরা ঝালকাঠির বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। গাছ লাগানোর পাশাপাশি এগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও আমরা গুরুত্ব দেব।”
নেতাকর্মীরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।