সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোঃ কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঝালকাঠি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটসের সদস্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা "সুস্থ থাকুন, সেবা নিন—ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য মশাবাহিত রোগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।