তাজমিনুল তরুন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩২টি মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি মোঃ মোজাম্মেল হক (মোজাম) (৪৯)-কে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হকের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি ও মাদকসহ মোট ৩২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকলেও বিভিন্ন সময় আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে আসছিলেন।
গ্রেপ্তারকৃত মোঃ মোজাম্মেল হক (মোজাম) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, ঠাকুরগাঁও