পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায় (জুলুম বস্তি)’। মাত্র ৫ টাকার বিনিময়ে ঈদের পূর্ণাঙ্গ বাজার সামগ্রী বিতরণ করে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় “৫ টাকায় ঈদ বাজার – সিজন ৬” কার্যক্রম। এতে জেলার কয়েক শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিটি পরিবারের জন্য প্রায় ৭৫০ টাকার বাজার সামগ্রী দেওয়া হয়, যার মধ্যে ছিল সেমাই, চিনি, ভোজ্য তেল, চাল, আলু, পেঁয়াজ, গুঁড়া দুধ এবং একটি করে মুরগি। প্রতীকী মূল্যে মাত্র ৫ টাকা নিয়ে এই বাজার প্রদান করা হয়, যাতে উপকারভোগীদের আত্মসম্মান বজায় থাকে।
উপকারভোগীদের মধ্যে এক বৃদ্ধা জানান, “এই বাজার পেয়ে আমি খুবই খুশি। অন্তত একদিন পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে খেতে পারবো।” তার মতো আরও অনেক পরিবার এই সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সহায় (জুলুম বস্তি)’ সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের প্রতিটি উদ্যোগই ব্যতিক্রমী ও মানবিক। ঈদের দিনে অসহায় মানুষগুলো যেন পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সংগঠনের উপদেষ্টা সত্য ঘোষ নন্দন, আহমেদুর রহমান কাজল, সামিমুল ইসলাম এবং সংগঠনের সভাপতি আরাফাত হোসেন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানবিক এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।