সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রির নগদ ৩ হাজার ১১০ টাকা, একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গাঁজা মাপার যন্ত্রসহ মো. সাইদুল ফকির (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হারুনার রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুল ফকিরের বসতঘরের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ১১০ টাকা, একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি গাঁজা মাপার যন্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার সাইদুল ফকির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া এলাকার মো. সালাম ফকিরের ছেলে।
এ ঘটনায় এসআই হারুনার রশিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় সাইদুল ফকিরের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।