সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফাহিম খান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে নলছিটি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল গোদন্ডা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ফাহিম খানকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাহিম খান উপজেলার পূর্ব গোদন্ডা এলাকার ফরিদ খানের ছেলে বলে জানা গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে নলছিটিতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।