সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি পৌরসভার নতুন কলেজ মোড় এলাকা থেকে মাদকসেবনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা বিশ্ব রোডের একটি পাঁচতলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঝালকাঠির লাহারিবাড়ী রোড এলাকার মিজানুর রহমান (৪০) এবং কিফায়েত নগর আবাসন এলাকার মো. সোহেল মৃধা (৩২)।
জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. তারিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে ডোপ টেস্টে তাদের শরীরে ‘Amphetamine (ICT)’ পজিটিভ পাওয়া যায়।
অভিযানে কোনো মাদকদ্রব্য বা আলামত জব্দ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মো. তারিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।