সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
চাকরি নিয়মিতকরণ, আদালতের রায় বাস্তবায়ন এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে রাজস্ব খাতে নিয়োগসহ দুই দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, ঝালকাঠি জেলা কমিটি।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি গণপূর্ত ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মী ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিক ও ভাউচার কর্মচারীরা কাজ করে আসছেন। তাদের চাকরি নিয়মিতকরণ এবং এ সংক্রান্ত আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মচারী নিয়োগের প্রথা বিলুপ্ত করে সরাসরি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে মো. নুর আলম, আব্দুল বারেক, আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, বিউটি বেগম ও তাসনুবা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন এসব কর্মচারী। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পরে সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে গণপূর্ত ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার কর্মচারীরা অংশ নেন।