সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
জাতীয় ঐক্য, মানবতা ও সাম্যের চেতনায় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠিতে ‘জাতীয় ঐক্যের প্রতীক কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে কবি নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক জনাব কে. এম. আল-আমীন।
ঝালকাঠির জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী।
আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোঃ মনিরুল ইসলাম নুপুর। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালি জাতিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে কবি নজরুলের স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।