স্টাফ রিপোর্টার
তাজলিমা খাতুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বগারপাড় এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগারপাড় এলাকায় একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রঙের ১০৪টি তাস, নগদ ১ হাজার ৩৭০ টাকা, একটি সাদা রঙের প্লাস্টিকের চট এবং দুটি আধা-পোড়া মোমবাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সরিষাবাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়, এলাকায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মর্নিং বিডি ডট নিউজ বাংলাদেশ।