শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ডের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। পাশাপাশি শুরু করেছেন ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ।
এরই ধারাবাহিকতায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও তরুণ সমাজসেবক সুলতান উদ্দিন আরশ।
সুলতান উদ্দিন আরশ কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান শমসের প্রেসিডেন্টের বংশধর।
চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণার পর থেকে তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। গণসংযোগকালে তিনি তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখ, প্রত্যাশা ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন।
স্থানীয়দের সঙ্গে তাঁর এমন সরাসরি যোগাযোগ ও আন্তরিক আচরণে সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি আগ্রহ ও আস্থার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে তরুণ ও যুব সমাজের পাশাপাশি প্রবীণদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে দাবি করছেন তাঁর সমর্থকরা।
১৯৯৬ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন সুলতান উদ্দিন আরশ। এরপর থেকে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।
গণসংযোগকালে সুলতান উদ্দিন আরশ বলেন, শোষিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।