আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় অনিয়মের অভিযোগে শ্রীপুর রেলগেট এলাকার তারেক মেডিকেল হল, নূর ফার্মেসি, প্রত্যাশা মেডিকেল হল, শ্রীপুর ডিবি রোডের জনসেবা ঔষধালয়, উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার জয়নাল মেডিকেল হলসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পান। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘শ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’