আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ০৬ আগস্ট পরিচালিত এ অভিযানে অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং জিএমপি অধ্যাদেশের আওতায় বেশ কয়েকজন অপরাধীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে অপরাধীদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি সাধারণ চাকু এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়: অস্ত্র মামলার আসামি (৫ জন): মোঃ আমিরুল ইসলাম (৪০), ইমন (২৪), রবিন মিয়া (৩০), ইফরাত হোসেন (২২) এবং ফেরদৌস (৩৫)।পরোয়ানাভুক্ত আসামি (২ জন): জিআর পরোয়ানাভুক্ত জোবায়ত হোসেন শিমুল (২৪) ও মোঃ শফি (৩৬)। অধ্যাদেশ প্রসিকিউশন (১ জন): জিএমপি অধ্যাদেশের অধীন আটক মেহেদী হাসান আলতাব (২৬)।
বাসন থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দূরীকরণে এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।