আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
টিকটকে পিস্তল উঁচিয়ে ক্ষমতার দাপট দেখানো আর সেই পিস্তলের মুখে স্ত্রীকে জিম্মি করে যৌতুক দাবি—সবই ছিল তার নিত্যদিনের নাটক। তবে শেষ রক্ষা আর হলো না। টিকটকের সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশের চোখ ছানাবড়া! আসল পিস্তল ভেবে যা দিয়ে এলাকা ও পরিবারে আতঙ্ক ছড়ানো হতো, তা মূলত পিস্তলের মতো দেখতে একটি সামান্য 'লাইটার'।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে লাইটার দিয়ে ভীতি প্রদর্শন ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। গ্রেপ্তার ইমন উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা।
টিকটক থেকেই বিপদের শুরু সম্প্রতি নিজের টিকটক আইডিতে পিস্তল প্রদর্শনের একটি ভিডিও আপলোড করেন ইমন। ভিডিওটি পুলিশের নজরে এলে নড়েচড়ে বসে প্রশাসন। সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশ ইমনের বাড়িতে বিশেষ অভিযান চালায়। সেখান থেকে অস্ত্রটি উদ্ধারের পর পরীক্ষা করে দেখা যায়, এটি কোনো তাজা আগ্নেয়াস্ত্র নয়, বরং পিস্তল সদৃশ একটি দেশি লাইটার।
লাইটার দেখিয়েই চলত নির্যাতন পুলিশ জানায়, অস্ত্রটি নকল হলেও ইমনের নির্যাতন ছিল আসল। এলাকায় ভয়ভীতি দেখানোর পাশাপাশি এই পিস্তল সদৃশ লাইটারটি স্ত্রীর মাথায় ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিতেন ইমন। সেই সঙ্গে চালাতেন যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন।
এ ঘটনার পর নির্যাতনের শিকার স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই ওসি মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম পৃথক অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার ওসি জানান, টিকটকে অস্ত্র সদৃশ বস্তু দেখিয়ে আতঙ্ক সৃষ্টি এবং স্ত্রীর করা যৌতুক নির্যাতন মামলায় অভিযুক্ত ইমনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।