নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
গত ২০ আগস্ট সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশান কার্যালয়ে এই দুই জেলার নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।
ফলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এই বৈঠককে ঘিরে। হটাৎ কেন এমন বৈঠক এবং প্রথমেই এই দুই জেলা কেন?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৮টি জেলার ৩৯টি আসনের মধ্যে ২৮টিতে বিএনপি এবং ১১টিতে জামায়াতে ইসলামী বিজয় লাভ করেছে। জামাত যে ১১টি আসনে জয়লাভ করেছে তারমধ্যে ৬টিতে জয়লাভ করেছে পাবনা ও চাপাইনবয়াবগঞ্জ জেলা থেকে। অথচ এই দুই জেলাতেই বিএনপির শক্তিশালী অবস্থান। তাহলে কেন পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলো বিএনপিকে। তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান এই দুই জেলার নেতৃবৃন্দদের কথা বলেছেন বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকগণ।
পাবনা জেলার ৫টি সংসদীয় আসনের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, জেলাজুড়ে শক্তিশালী রাজনৈতিক ভিত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বড় ধরনের ভরাডুবি ঘটেছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী পাবনার ৩টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে এবং বিএনপি কেবল ২টি আসনে জয় লাভ করতে সক্ষম হয়েছে।
ফল ঘোষণার পর থেকেই তৃণমূল নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই পরাজয়ের পেছনে একাধিক গভীর সাংগঠনিক ও কৌশলগত কারণ উঠে এসেছে:
১. দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও "পকেট কমিটি" বিতর্ক
পাবনা জেলা বিএনপির নেতৃত্বের কোন্দল ও অভ্যন্তরীণ বিভাজন পরাজয়ের অন্যতম প্রধান কারণ। জেলা কমিটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ত্যাগী নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও নিজস্ব বলয় তৈরির জন্য "পকেট কমিটি" গঠনের অভিযোগ ওঠে। তৃণমূল নেতাকর্মীদের একটা বড় অংশের ক্ষোভ ও কেন্দ্রঘেঁষা অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে দলটির চেইন অব কমান্ড ভেঙে পড়ে।
২. 'বিদ্রোহী' প্রার্থীর উপস্থিতি ও ভোটে বিভাজন
নির্বাচনে মনোনয়নবঞ্চিত প্রভাবশালী ও ত্যাগী নেতারা স্বতন্ত্র বা 'বিদ্রোহী' প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। উদাহরণস্বরূপ, পাবনা-৩ ও ৪ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় নির্বাহী কমিটির নেতা ও সাবেক এমপিদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ফলে বিএনপির ঐতিহ্যবাহী ভোট ব্যাংক দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই ভোট বিভাজনের সুফল সরাসরি প্রতিপক্ষ প্রার্থীর বাক্সে চলে যায়।
৩. শীর্ষ নেতৃত্বের বিতর্কিত মন্তব্য ও অতিরিক্ত আত্মবিশ্বাস
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটারদের বড় একটি অংশ দলটির ওপর অসন্তুষ্ট ছিল। এছাড়া মাঠপর্যায়ে প্রচারণায় কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছিল; বিএনপির প্রার্থীরা মনে করেছিলেন সুবিধাজনক পরিস্থিতিতে জয় সহজ হবে, যা ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়।
৪. তৃণমূলের সাথে সমন্বয়হীনতা ও প্রচারণার অভাব
মনোনয়ন নিয়ে বিরোধের জেরে বহিষ্কৃত বা বঞ্চিত নেতাদের অনুসারীরা নির্বাচনী মাঠে পুরোপুরি নিষ্ক্রিয় বা উদাসীন ছিলেন। কেন্দ্রীয় বা জেলা নেতৃবৃন্দের ঘোষিত প্রচার কমিটিতে সর্বস্তরের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত না করায় তৃণমূলের সঙ্গে মূল প্রার্থীর নির্বাচনী সমন্বয় গড়ে ওঠেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন আসনগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা সত্ত্বেও কেবল অভ্যন্তরীণ অনৈক্য, ভুল কৌশল ও দুর্বল সাংগঠনিক নেতৃত্বের কারণে বিএনপি পাবনায় নিজেদের রাজনৈতিক দুর্গ ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাইনবয়াবগঞ্জ জেলার ৩টি আসনের ৩টিতেই বিএনপি পরাজিত হয়েছে। অথচ ২০১৮ সালের মত নির্বাচনে যেখানে বিএনপি মাত্র ৬টি আসনে জয়লাভ করেছিল তারমধ্যে ২টিই ছিল চাপাইনবয়াবগঞ্জ থেকে। বিগত ৮ বছরে কি এমন হলো যে সবকয়টি আসনে বিএনপিকে পরাজিত হতে হলো।
গত ২০ ফেব্রুয়ারি ২০২২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বিদ্যমান জেলা কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. গোলাম জাকারিয়া আহ্বায়ক ও মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) সদস্য সচিব হন। পাশাপাশি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (টিটু), হায়াত উদ্দৌলা, কামরুল আরেফিন বুলু ও আব্দুল মতিন-কে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরে আহ্বায়ক ও সদস্য সচিবের দ্বন্দ্বের জেরে জেলার পাঁচ উপজেলায় একাধিক কমিটি গঠিত হলে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, যার প্রভাব পড়ে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেয়া হলেও কেন্দ্রীয় নেতা কর্তৃক ঘোষিত জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে দলীয় প্রার্থীদের সমন্বয়হীনতা দেখা দেয়। মনোনয়নবঞ্চিত অনেক নেতা দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় হননি, ফলে তাদের অনুসারী নেতাকর্মীরাও ভোটের মাঠে নিষ্প্রভ ছিলেন। নির্বাচনে আওয়ামীলীগ অংশ না নেওয়ায় কিছু প্রার্থীর মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাসও কাজ করেছে। অন্যদিকে জামায়াত প্রার্থীরা একাধিকবার ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, কিন্তু বিএনপির প্রার্থীদের প্রচারণা তুলনামূলকভাবে কম ছিল এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করার মতো উদ্যোগও চোখে পড়েনি।
বিএনপির পরাজয়ের দায় নিয়ে জেলা কমিটিতে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, হারুনুর রশীদ দীর্ঘদিন এলাকায় না থেকে হঠাৎ এসে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কাজ করায় ভোটাররা মুখ ফিরিয়েছে। আহ্বায়ক গোলাম জাকারিয়ার দাবি, হারুন তাদের সঙ্গে যোগাযোগই করেননি। এমনকি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতও দ্বন্দ্বের কারণে মাঠে নামেননি। তবে হারুনুর রশীদের অভিযোগ, আহ্বায়ক কমিটি চাপিয়ে দেওয়া এবং তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
দীর্ঘদিনের এই রাজনৈতিক দুর্গ হারানোর পেছনে মূল কারণ হিসেবে বিএনপির ভেতরের সাংগঠনিক অনৈক্য, নেতৃত্বের অহমিকা এবং কার্যকর প্রচারণার অভাবের কারনেই চাপাইনবয়াবগঞ্জে বিএনপির ভরাডুবি হয়েছে বলে ধারণা করেন রাজনৈতিক বিশ্লেষকগণ।
অন্যদিকে, বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্য। তিনটি আসনেই একাধিক মনোনয়নপ্রত্যাশীর দ্বন্দ্ব, গ্রুপিং ও আধিপত্য বিস্তারের লড়াই চলছে। এতে দলের সাংগঠনিক শক্তি দুর্বল হচ্ছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
আর এসকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই বিএনপি চেয়ারম্যান এই দুই জেলার নেতাদের সাথে বৈঠক করেছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।