শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. জজ মিয়া (৫৫) নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। জজ মিয়া ফরিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া গ্রামের নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গল এলাকায় শিশুটিকে ধর্ষণ করা হয়। পরিবারের অভিযোগ, লাকড়ি শুকাতে যাওয়ার সময় জজ মিয়া শিশুটির মুখে গামছা পেঁচিয়ে তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন।
শিশুটির চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে জজ মিয়াকে আটক করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় মাতব্বররা বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন। ওই রাতেই সালিস বসিয়ে ৫০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে শিশুটির পরিবারের দাবি। তবে পরিবার এতে রাজি না হয়ে পরদিন থানায় অভিযোগ করে।
শিশুটির পরিবারের আরও অভিযোগ, থানায় অভিযোগ করার পর থেকে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
এদিকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর জজ মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা বিএনপির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এমপি ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের জজ মিয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা ও তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট থানার বক্তব্য জানা যায়নি। তদন্তের পর অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।