শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সততা স্টোর দুটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্টোরগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু বাক্কার ছিদ্দিক, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন খোকন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও ফরিদপুর ইউনিয়নের আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর, বড়চারা-আব্দুল্লাহপুর আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দার শাহীন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলী সোহেল, শাহীন সুলতানা, মাহিন আহমেদ, মো. সালাহ উদ্দিন ও মোবারক হোসেন। এ সময় সততা সংঘের সদস্যসহ দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের হাতে দুর্নীতি দমন কমিশনের লোগোসংবলিত বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়বে এবং দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।