আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুতুবেরচর এলাকায় তীব্র নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওমর মিয়া নামের এক অসহায় ব্যক্তি। দীর্ঘদিন ধরে চলমান নদী ভাঙনের কবলে পড়ে তার স্বপ্নের বসতবাড়ি, গাছপালা ও সহায়-সম্বল মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
আজ সরেজমিনে ওমর মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, যেখানে একসময় ছিল সুখ-শান্তির সংসার, সেখানে এখন শুধুই ভাঙনের চিহ্ন আর কান্নার আহাজারি। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর নদী ভাঙনে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ভাঙনের শিকার ওমর মিয়া জানান, “চোখের সামনে সব শেষ হয়ে গেল। থাকার ঘরটুকুও নদীতে চলে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।”
স্থানীয়রা দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
নদী ভাঙনের ভয়াবহতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের বর্তমান পরিস্থিতি।