মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী মোঃ আব্দুল হামিদ সানা গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন।
কর্মসূচির শুরুতে তিনি আমাদী বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা খাতের অগ্রগতি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
আমাদী বাজারের কর্মসূচি শেষে আব্দুল হামিদ সানা নাকসা বাজার এলাকায় যান।
সেখানে তিনি স্থানীয় মানুষের সঙ্গে গণসংযোগ করেন, লিফলেট বিতরণ করেন এবং পথসভায় অংশ নেন। উভয় এলাকার কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
গণসংযোগ ও পথসভায় আমাদী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় ‘চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নপ্রত্যাশী মোঃ আব্দুল হামিদ সানাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন’—এমন স্লোগান দেন তাঁর সমর্থকেরা।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে আব্দুল হামিদ সানার সমর্থকেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন।
তাঁদের মতে, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ড ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগকে আরও দৃঢ় করেছে।
প্রাপ্ত তথ্যমতে, আব্দুল হামিদ সানা একজন সাবেক ছাত্রনেতা। তিনি অতীতে আমাদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর সমর্থকদের দাবি, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সততার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রত্যাশা করছেন তাঁরা। একই সঙ্গে নির্বাচনে তাঁকে বিজয়ী করার আশাবাদও ব্যক্ত করেছেন সমর্থকেরা।
এদিকে, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন আব্দুল হামিদ সানা। ইউনিয়নের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তাঁর দেওয়া অঙ্গীকার বাস্তবায়িত হলে এলাকার মানুষের উপকার হবে বলে আশা করছেন তাঁর সমর্থকেরা।