শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
‘আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না। এ জন্য আমাকে দুই বছর সময় দিতে হবে।’—এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা ও অসহায়-দরিদ্রদের মাঝে রিকশা সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মাত্র সরকারের পথচলা শুরু হয়েছে। এরই মধ্যে ভৈরব-কুলিয়ারচরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে আমার নির্বাচনী এলাকার কোনো উন্নয়ন কাজ বাকি থাকবে না।’
তিনি আরও বলেন, ‘যারা সাত মাসের মাথায় সরকারকে ফেলে দিতে বা টেনে নামাতে চায়, আমার মনে হয় তাদের অন্য কোনো পরিকল্পনা রয়েছে। তারা পতিত ফ্যাসিস্টদের সঙ্গে মিলে সরকারের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চায়।’
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শরীফুল আলম বলেন, ‘যারা সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিন ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন, তাদের সতর্ক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তিনি জানান, কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি কৃষি ব্লকে ১ হাজার ৭৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং ভৈরবেও একইভাবে কৃষক কার্ড বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলমসহ অনেকে।
সারাদেশে একযোগে ভার্চ্যুয়ালি কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দুইজন কৃষকের হাতে প্রতীকী কৃষক কার্ড তুলে দেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় কুলিয়ারচরের ১০টি দরিদ্র পরিবারের মাঝে ১০টি বিদ্যুৎচালিত রিকশা বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত রামদী ইউনিয়নের আগরপুর ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ও কৃষকদের মাঝে চাবি হস্তান্তর করেন তিনি।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাজরা মাছিমপুর খেলার মাঠে মাছিমপুর ক্রিকেট ক্লাব আয়োজিত নূরুল মিল্লাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
এছাড়া রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিনের বাবার কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন শরীফুল আলম। পরে চিকিৎসাধীন রামদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদকে হাসপাতালে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।