আদমদীঘি( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বী হোসেন(১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার মা মনিকা বেগম আহত হয়েছে। আহত মনিকা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে আদমদীঘি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের পাশে মরিচ ক্ষেতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের আফাল প্রামানিকের স্ত্রী মনিকা বেগম ও ছেলে রাব্বী হোসেন (১৫) সহ বেশ কয়েক জন কৃষক গ্রামের পাশে মরিচ ক্ষেতে কাজ করছিল। হঠাৎ ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু তারে বাড়ীর দিকে আসার সময় সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বজ্রপাতে কিশোর রাব্বী হোসেন ঘটনাস্থলে মারা যায়। এ সময় রাব্বীর মা গুরুত্বর আহত হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।